সেচ প্রকল্প নয়, মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর দাবি ভবদহ সংগ্রাম কমিটির

সেচ প্রকল্প নয়, মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর দাবি ভবদহ সংগ্রাম কমিটির

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নেওয়া ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক ৩০০ কোটি টাকার প্রকল্পের আওতা থেকে ভবদহ অঞ্চলকে বাদ দেওয়ার দাবি উঠেছে। এ দাবিতে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে পানিসম্পদ ও কৃষিমন্ত্রী বরাবর আলাদা দুটি স্মারকলিপি দিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটিসহ স্থানীয় কয়েকটি সংগঠন।

স্মারকলিপি জমা দেওয়ার পর কালেক্টরেট চত্বরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, ভবদহ কোনো সাধারণ এলাকাভিত্তিক সমস্যা নয়; এটি যশোর, খুলনা ও সাতক্ষীরা—এই তিন জেলার একটি বিশেষায়িত সংকট। নড়াইল, মাগুরা ও ঝিনাইদহের সেচ প্রকল্পকে ভবদহের নামে চালিয়ে দেওয়াকে এ অঞ্চলের মানুষের সঙ্গে প্রতারণা হিসেবে আখ্যা দেন তিনি। তাঁর মতে, একমাত্র জোয়ারাধার (টিআরএম) বাস্তবায়নই ভবদহকে স্থায়ীভাবে বাঁচাতে পারে। আগামী মাঘী পূর্ণিমার আগেই নির্ধারিত বিলে টিআরএম কার্যক্রম চালুর দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভবদহের জলাবদ্ধতার দোহাই দিয়ে বৃহত্তর যশোরের যেসব এলাকাকে প্রকল্পে যুক্ত করা হয়েছে, প্রকৃত জলাবদ্ধতা নিরসনের সঙ্গে সেগুলোর কোনো সম্পর্ক নেই। বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রকল্পের অর্থ ব্যয় না করে ভবদহের জন্য আলাদা ও বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ স্মারকলিপিতে আরও তুলে ধরেন, সেচ পাম্পের মাধ্যমে ভবদহের জলাবদ্ধতা দূর করা সম্ভব নয়—তা অতীতেই প্রমাণ হয়েছে। ২০২০ সাল থেকে পানি উন্নয়ন বোর্ড বৈদ্যুতিক পাম্প বসিয়ে সেচ শুরু করে এবং ২০২১ সাল পর্যন্ত ১ কোটি ৬১ লাখ টাকা খরচের পরও ব্যয় ক্রমেই বেড়েছে। অথচ জনদুর্ভোগ কমেনি; উল্টো ভবদহ স্লুইসগেট থেকে বারোআউড়িয়া মোহনা পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার নদী পলিতে ভরে গেছে। বিল কপালিয়ার ৩ ভেন্টে বিএডিসির বসানো সেচ পাম্পও কার্যকর হয়নি। বর্তমানে ২১ ভেন্টে ১৪টি ও ৯ ভেন্টে ৬টি বৈদ্যুতিক পাম্প দিয়ে এক পাশের পানি পাইপে করে অন্য পাশে ফেলা হচ্ছে।

এতে আরও বলা হয়, মুক্তেশ্বরী, টেকা, হরি, তেলিগাতী ও গ্যাংরাইল হয়ে মোহনা পর্যন্ত প্রায় ১৩০ কিলোমিটার নদী-খাল ভরাট থাকায় ৬০টির বেশি বিল ও জনপদ পানিবন্দী হয়ে আছে। নদী ও খাল খনন করে স্বাভাবিক প্রবাহ ফেরানো ছাড়া শুধু সেচ দিয়ে পানি সরানো অসম্ভব। সম্প্রতি চলমান নদী খনন এবং ২১ ও ৯ ভেন্টের স্লুইসগেটগুলো সচল করায় উল্লেখযোগ্য পরিমাণ পানি নামতে শুরু করেছে। এর সঙ্গে সমান্তরালভাবে বিলে বিলে টিআরএম চালু করলে দীর্ঘমেয়াদি সমাধান মিলবে।

পাশাপাশি গত ১৬ মে যশোর শিল্পকলা একাডেমিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সংসদ সদস্য এবং ক্ষতিগ্রস্ত এলাকার প্রতিনিধিদের উপস্থিতিতে হওয়া জাতীয় কর্মশালার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সিদ্ধান্তগুলো বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। পানি উন্নয়ন বোর্ডের নিয়োগকৃত প্রতিষ্ঠান আইডব্লিউএম গত সেপ্টেম্বরে যে চূড়ান্ত প্রস্তাব দিয়েছে, সেটির কথাও স্মারকলিপিতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, ভবদহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও উত্তরণের কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদার, ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক বাবুর আলী গোলদার, ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সদস্য সচিব মো. আব্দুল লতিফ, অভয়নগরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাদ উদ্দীন গাজী, সুন্দলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, পায়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফিরোজ আলম, সংগ্রাম কমিটির আইনবিষয়ক সম্পাদক অধ্যাপক অনিল বিশ্বাস, সদস্য শিব পদ বিশ্বাস, উপদেষ্টা তসলিম উর রহমান, কৃষিজমি রক্ষা জোটের সদস্য সৈয়দ সিরাজুল হক এবং চলিশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর জালাল হোসেন প্রমুখ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নিরাপত্তার শঙ্কায় বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ : বিকল্প পথে চলবে জাহানাবাদ

উৎসবমুখর পরিবেশে ঝিকরগাছা গ্রাম পুলিশ ইউনিটের নির্বাচন সম্পন্ন : সভাপতি জাহিদ, সম্পাদক আশিকুর

ফজরের পর আমবয়ানে যশোর জেলা ইজতেমার সূচনা : আখেরি মোনাজাত রোববার

যশোর-মাগুরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা : চালকসহ আহত বেশ কয়েকজন

চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শনিবারের সমাবেশ সফল করতে চৌগাছায় কৃষকদলের প্রস্তুতি সভা

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো : পাম তেল অপরিবর্তিত

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের পুলিশ রিমান্ডে

কোটচাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন : খামারিদের পাশে থাকার আহ্বান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *