স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা ও ঝিকরগাছা থানা-পুলিশের যৌথ বিশেষ অভিযানে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এজাহারনামীয় আসামি এবং নিষিদ্ধ সংগঠন যুবলীগের সক্রিয় সদস্য ইমরান হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) রাত ১১টার দিকে ঝিকরগাছা উপজেলার বাদে নাভারণ এলাকায় অভিযান চালিয়ে ইমরানের নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ইমরান হোসেন ঝিকরগাছা উপজেলার বাদে নাভারণ এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় দায়ের করা একটি মামলার (মামলা নম্বর: ১৯/০৯/২০২৬) এজাহারনামীয় ৬১ নম্বর আসামি ইমরান হোসেন। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫(ডি) ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় রুজু করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা ও ঝিকরগাছা থানা-পুলিশ যৌথভাবে বাদে নাভারণ এলাকায় তাঁর বসতবাড়ি ঘেরাও করে আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ইমরান হোসেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) তাকে কড়া পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। ওই অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে এমন যৌথ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

