স্ফুলিঙ্গ ডেক্স :
রংপুরের গংগাচড়া উপজেলায় অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত অটোচার্জার থেকে ৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গোপন সংবাদের ভিত্তিতে গংগাচড়া উপজেলার হাবু বালার ঘাট এলাকায় অবস্থান নিয়ে ডিএনসি’র একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
ডিএনসি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্যের চালান নিয়ে একটি অটোচার্জার যোগে গংগাচড়া হয়ে রংপুরের দিকে যাওয়ার সময় হাবু বালার ঘাট এলাকায় গাড়িটির গতিরোধ করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে অটোতে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৯ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয় এবং পরিবহনকাজে যুক্ত ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
উদ্ধারকৃত গাঁজা ও পরিবহনে ব্যবহৃত অটোচার্জারটি জব্দ তালিকাভুক্ত করে হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গংগাচড়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি ও আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে। ছবি সংগৃহীত।

