স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে একটি প্রাণবন্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংহত এবং নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিকেল চারটার দিকে যশোর শহরের চাঁচড়া বাজারসংলগ্ন গোলদারপাড়া এলাকায় এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আতিক ফয়সালের সভাপতিত্বে ও পরিচালনায় আয়োজিত এই সভায় স্থানীয় বিভিন্ন ইউনিটের প্রায় দেড় শতাধিক ছাত্রদলকর্মী ও সমর্থক অংশ নেন।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সুযোগ্য সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান। প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরে তৃণমূল ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিজ্ঞাপন
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ওয়াহিদ সেকেন্দার লুলু, যুবদল নেতা সজীব গোলদার ও মাহমুদুল হাসান ফয়সালসহ চাঁচড়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল এবং ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
কর্মীসভার বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রদলের প্রতিটি কর্মীকে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পরিশেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। ছবি সংগৃহীত।

