স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর কেন্দ্রীয় কারাগার ও এর সার্বিক প্রশাসনিক কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন কারা উপ-মহাপরিদর্শক (খুলনা বিভাগ সদর দপ্তর, যশোর) জনাব মো. আলতাব হোসেন। পরিদর্শনকালে তিনি কারাগারের বন্দিদের জীবনমান, নিরাপত্তা ব্যবস্থা, রন্ধনশালা, ক্যান্টিন এবং বিভিন্ন উৎপাদন ও কারুশিল্প দফা ঘুরে দেখেন।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) সকালে এই গুরুত্বপূর্ণ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা ২৫ মিনিট পর্যন্ত দীর্ঘ চার ঘণ্টারও বেশি সময় ধরে কারা উপ-মহাপরিদর্শক যশোর কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন বন্দি ওয়ার্ড ও প্রশাসনিক জোন অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
কারা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, পরিদর্শনের শুরুতে ডিআইজি প্রিজনস সোজা কারাভ্যন্তরে প্রবেশ করেন এবং বন্দিদের নিরাপত্তা ও বসবাসের পরিস্থিতি খতিয়ে দেখেন। এ সময় তিনি কারাগারের মহিলা ওয়ার্ড, মনিহার ৪ নম্বর ওয়ার্ড এবং নিউ জেল ৫ নম্বর ওয়ার্ডে গিয়ে বন্দিদের সাথে কথা বলেন ও তাদের সার্বিক সুযোগ-সুবিধার খোঁজখবর নেন।
বিজ্ঞাপন
ওয়ার্ড পরিদর্শনের পাশাপাশি তিনি কারাগারের ভেতরের রন্ধনশালা (রান্নাঘর) ও ক্যান্টিনে গিয়ে বন্দিদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান, পুষ্টিগুণ এবং পরিচ্ছন্নতা সরাসরি যাচাই করেন। এছাড়া বন্দিদের সংশোধন ও কর্মমুখী করার লক্ষ্যে পরিচালিত কারুশিল্প কার্যক্রমের অংশ হিসেবে মোড়া ও বাঁশ দফা এবং কাঠমিস্ত্রি দফা ঘুরে দেখেন। সেখানে কর্মরত বন্দিদের কাজের ধরণ ও উৎপাদিত পণ্যের মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কারা কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
কারাগারের সার্বিক শৃঙ্খলা, নিরাপত্তা এবং বন্দিদের সংশোধনামূলক বিভিন্ন উদ্যোগকে আরও বেশি গতিশীল ও স্বচ্ছ করার তাগিদ দিয়ে এই পরিদর্শন সম্পন্ন করেন খুলনা বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক মো. আলতাব হোসেন। ছবি সংগৃহীত।

