স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৯ নভেম্বর ২০২৬
যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ মধ্যপাড়ায় চোখধাঁধানো আয়োজনে সম্পন্ন হয়েছে ১৬ দলীয় ‘ঘোপ উত্তরপাড়া যুবসংঘ নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। প্রতিযোগিতার চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে শক্তিশালী চিত্রামায়া একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে ট্রফি নিজের করে নিয়েছে সাইক্লোন একাদশ।
শুক্রবার রাতে ঘোপ মধ্যপাড়ার মাঠে বিপুল দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টের এই টানটান উত্তেজনার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণে দর্শকদের মাতায়। ম্যাচের প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায় সাইক্লোন একাদশের তারকা খেলোয়াড় টুটুল হোসেন একটি অসাধারণ গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। বিরতির পর সমতায় ফিরতে গোল পরিশোধে মরিয়া হয়ে অলআউট আক্রমণে যায় চিত্রামায়া একাদশ। তবে সাইক্লোন একাদশের মজবুত রক্ষণভাগ ভেদ করতে না পারায় শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হিসেবে মাঠ ছাড়ে সাইক্লোন একাদশ।
বিজ্ঞাপন
সমগ্র ম্যাচে অসামান্য নৈপুণ্য প্রদর্শন করে দল বিজয়ী করার অবদান হিসেবে বিজয়ী দলের গোলদাতা টুটুল হোসেন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে রানার্সআপ ট্রফি অর্জন করে চিত্রামায়া একাদশ।
খেলা শেষে এক আনন্দঘন পরিবেশে বিজয়ী ও বিজিতদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন সাইক্লোন একাদশের হাতে একটি আকর্ষণীয় ছাগল এবং রানার্সআপ চিত্রামায়া একাদশের হাতে নগদ ৬ হাজার টাকা পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। স্থানীয় জামে মসজিদের ইমাম হাফেজ মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্যরা জানান, এলাকার যুবসমাজকে নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করা এবং সব ধরণের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেই এই নৈশকালীন টুর্নামেন্টের আয়োজন। ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে বর্ণিল উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। শত শত উৎসাহী দর্শকের উপস্থিতি, করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে ফুটবল ময়দান। ছবি সংগৃহীত।
