স্ফুলিঙ্গ রিপোর্ট :
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার নানা সম্ভাবনা, ভর্তির আবেদন প্রক্রিয়া ও স্কলারশিপ অর্জনের কৌশল নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এই সেমিনারের আয়োজন করা হয়।
‘এক্সপ্লোরিং ইউএসএ হায়ার এডুকেশন অপরচুনিটিস’ শীর্ষক এই গুরুত্বপূর্ণ সেমিনারটির যৌথ আয়োজন করে যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর এবং ঢাকার মার্কিন (ইউএস) দূতাবাস। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে জাস্ট ক্যারিয়ার ক্লাব।
বিজ্ঞাপন
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সঠিক তথ্যসমৃদ্ধ ও আত্মপ্রত্যয়ী শিক্ষার্থীরাই নিজেদের বিশ্বমঞ্চে ভালোভাবে প্রস্তুত করতে পারে। বিদেশে উচ্চশিক্ষা ও আধুনিক গবেষণার মাধ্যমে বৈশ্বিক জ্ঞান অর্জন করে দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের শিক্ষা শেষে দেশে ফিরে আসার আহ্বান জানাই।”
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে বলেন, “জীবনের প্রতিকূলতা ও ব্যর্থতার অভিজ্ঞতাকে শক্তিতে রূপান্তর করতে পারলেই শেষ পর্যন্ত চূড়ান্ত সাফল্য অর্জন সম্ভব।”
সেমিনারে মূল বক্তা হিসেবে তথ্য উপস্থাপন করেন ঢাকায় নিযুক্ত ইউএস অ্যাম্বাসির শিক্ষাবিষয়ক উপদেষ্টা রিফাত স্বপ্নীল ও সায়নান রহমান। তারা যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর (মাষ্টার্স) ও পিএইচডি পর্যায়ে ভর্তির ধাপসমূহ, স্টেটমেন্ট অব পারপাস (SOP) লেখার নিয়ম, রিকমেন্ডেশন লেটার, জিআরই (GRE), টোফেল (TOEFL) বা আইইএলটিএস (IELTS) পরীক্ষার প্রস্তুতি এবং বিদেশি অধ্যাপকদের সঙ্গে ইমেইলে যোগাযোগের কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে যবিপ্রবির বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন ও উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ লাবিব ও নাবিলা ইয়াসমিন ইশা। ছবি সংগৃহীত।
