স্ফুলিঙ্গ রিপোর্ট :
মহান মুক্তিযুদ্ধের অনবদ্য বীর সেনানী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
বিজ্ঞাপন
আজ শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় যশোর সীমান্তে বিজিবির কাশিপুর বিওপির সন্নিকটে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পবিত্র সমাধিস্থলে এ শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শুভ সূচনায় বীরশ্রেষ্ঠের সমাধিসৌধে বিজিবির একটি চৌকস সশস্ত্র দল সুসজ্জিত ‘গার্ড অব অনার’ প্রদান করে এবং বিজিবির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধানিবেদন শেষে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের বিদেহী রুহের মাগফিরাত কামনা করে বিশেষ ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
স্মরণ কর্মসূচীতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, সহকারী পরিচালক মো. মাছেদুল ইসলাম খান, বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
শাহাদতবার্ষিকী উপলক্ষে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি এক বার্তায় জানান, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিজের জীবনের পরোয়া না করে অসীম সাহসিকতায় আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অনন্য অবদানকে বিজিবি ও জাতি সর্বদা পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁর বীরত্বগাথা স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে চিরস্মরণীয় করে রাখার লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও পূর্ণ সামরিক সম্মান ও মর্যাদায় শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে।” ছবি সংগৃহীত।

