স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে চাঁদার দাবিতে সুজন (২৫) নামের এক ট্রাকচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা তাঁর কাছে থাকা গাড়ি ভাড়ার নগদ ৪৪ হাজার টাকাও জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) রাতে যশোর শহরের ব্যস্ততম মুড়লী মোড় এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে গিয়ে দিঘিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ট্রাকচালক সুজন যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে সুজন তাঁর ট্রাক নিয়ে মুড়লী মোড়ে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় চিহ্নিত তিন ব্যক্তি—ইকরাম (৩৫), রাব্বি (২৫) ও আলামিন (৩৫)—চাঁদার দাবিতে সুজনকে জোরপূর্বক ঘিরে ধরে সেখান থেকে তুলে নিয়ে যান। পরে তাঁকে শহরের দিঘিরপাড় এলাকার একটি নিরিবিলি স্থানে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়। একপর্যায়ে তাঁর পকেটে থাকা গাড়ি ভাড়ার ৪৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। অভিযুক্ত এই তিন ব্যক্তির সবার বাড়িই মুড়লী মোড়ের খাঁপাড়া এলাকায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহত চালকের শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ির আঘাতের জখম রয়েছে। বর্তমানে তাঁর সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। অন্যদিকে, এ ঘটনায় স্থানীয় পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত অভিযুক্ত চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও সহকর্মীরা। ছবি সংগৃহীত।
