মাগুরা প্রতিনিধি:
“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশীয় প্রজাতির মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে পোনামাছ অবমুক্তকরণ-২০২৬ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে মাগুরা জেলা পুলিশ।
বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে মাগুরা জেলা পুলিশ লাইন্স ও পুলিশের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন জলাশয়ে দেশীয় জাতের রুই, কাতলাসহ নানা প্রজাতির পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে এ বিশেষ কর্মসূচির শুভ সূচনা করা হয়।
বিজ্ঞাপন
উক্ত পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মাগুরা জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
উদ্বোধনী বক্তব্য প্রদানকালে পুলিশ সুপার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জাতীয় অর্থনীতি জোরদার করা, প্রাতিষ্ঠানিক জলাশয়গুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং জলজ পরিবেশের স্বাভাবিক ভারসাম্য টিকিয়ে রাখতে মৎস্যসম্পদ সংরক্ষণ অত্যন্ত জরুরি। জেলা পুলিশের এ উদ্যোগ দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তি থেকে রক্ষা করা এবং জেলায় মাছের চাহিদা পূরণে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে মাগুরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমে অংশ নেন।
জেলা পুলিশের এই সময়োপযোগী উদ্যোগ জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার পাশাপাশি সরকারি জলাশয়গুলোকে উৎপাদনমুখী করে তুলতে অনন্য উদাহরণ সৃষ্টি করবে বলে মত প্রকাশ করেছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি সংগৃহীত।


