মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর থানা পুলিশ এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে দুই কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে শ্রীপুর থানাধীন নাকোল পুলিশ ক্যাম্পের এসআই (নিরস্ত্র) মো. আব্দুল মালেক সঙ্গীয় ফোর্সসহ শ্রীপুর থানাধীন ঘাসিয়াড়া গ্রামের বেলতলা মোড়ে পাকা রাস্তার ওপর এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ঘাসিয়াড়া মধ্যপাড়া গ্রামের মৃত আকবর মোল্যার ছেলে মো. আজাদুল ইসলাম আজাদ (৫৬) এবং মো. ইউনুচ শেখের ছেলে মো. রনি শেখ (৩০)-এর হেফাজতে থাকা দুটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় সাদা রঙের কসটেপ দিয়ে মোড়ানো চারটি ভিন্ন বান্ডেল থেকে মোট দুই কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মাদকের অবৈধ বিস্তার রোধে এবং অপরাধ নির্মূলে মাগুরা জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

