স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে সড়কে তুচ্ছ সাইড দেওয়া নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে মা ও ছেলেকে বেধড়ক মারধর, ঘরবাড়ি ভাঙচুর এবং নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুটের গুরুতর অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
গত মঙ্গলবার (১২ আগস্ট ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার আলমনগর গ্রামে এ মধ্যরাতের তাণ্ডবের ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত যুবক অলিদ হোসেনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় আহত অলিদের বাবা মাসুম বিল্লাল বাদী হয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ফিরোজ হোসেন ও ইমরুল হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে সড়কে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় অভিযুক্তদের প্রাইভেটকারকে সাইড দেওয়া নিয়ে অলিদের সাথে বাকবিতণ্ডা ও বিরোধ সৃষ্টি হয়। এই ঘটনার জের ধরে একই দিন রাত সাড়ে ১১টার দিকে আসামিরা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে হঠাৎ অলিদের বাড়িতে হামলা চালায়। তারা বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অলিদকে মারধর করতে থাকে। এ সময় চাকুর কোপ ঠেককাতে গিয়ে অলিদের হাত মারাত্মক রক্তাক্ত ও জখম হয়।
ছেলেকে বাঁচাতে তাঁর মা তানজিলা বেগম এগিয়ে এলে তাঁকেও মারধর করে সন্ত্রাসীরা। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলা চলাকালে তানজিলা বেগমের গলা থেকে প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং ঘরের ওয়ারড্রব ভেঙে সংরক্ষিত নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। একপর্যায়ে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা নানামুখী হুমকি-ধামকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কঠোর আইনি শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফাইল ছবি সংগৃহীত।

