আন্তর্জাতিক ডেস্ক (১৫ মার্চ, ২০২৬) : পবিত্র সম্পর্কের চরম অবমাননা আর নেশার ভয়ংকর পরিণতি দেখল ভারতের উত্তর প্রদেশের মিরাট শহর। একসঙ্গে বসে মদ্যপানের সময় সামান্য কথা কাটাকাটির জেরে নিজের বাবাকে ইট দিয়ে থেঁতলে হত্যা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গত শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে শহরের জেল চুঙ্গি এলাকায় এই পৈশাচিক ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম রাজেশ (৫৫)। শুক্রবার রাতে রাজেশ ও তার ছেলে অমন একসঙ্গে বসে মদ্যপান করছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় বাবা ও ছেলের মধ্যে কোনো একটি বিষয়ে কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই মৌখিক তর্ক রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
তর্কের একপর্যায়ে মেজাজ হারিয়ে পাশে থাকা একটি ভারী ইট তুলে নেন অমন। কিছু বুঝে ওঠার আগেই বাবার মাথায় সজোরে আঘাত করেন তিনি। ইটের আঘাতে রাজেশ গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি; চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মিরাটের পুলিশ সুপার (সিটি) আয়ুষ বিক্রম সিং জানিয়েছেন, ঘটনার পর পরই অভিযুক্ত ছেলে অমনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এই নৃংশস হত্যাকাণ্ডের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
ছবি-সংগৃহীত