নেত্রকোণায় সিএনজি তল্লাশি করে ৩৪ কেজি গাঁজাসহ ২ জন আটক

নেত্রকোণায় সিএনজি তল্লাশি করে ৩৪ কেজি গাঁজাসহ ২ জন আটক

স্ফুলিঙ্গ ডেক্স :

তারিখ: ১৩ নভেম্বর ২০২৬

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পরিচালিত এই বিশেষ অভিযানে ৩৪ কেজি গাঁজা, একটি সিএনজি চালিত অটোরিকশা এবং দুটি মোবাইল ফোনসহ সর্বমোট ১৫ লাখ ৪৪ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে  বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত কেন্দুয়া থানাধীন সান্দিকোনা ইউনিয়নের আঠারোবাড়ী থেকে কেন্দুয়গামী হরিনগর ফেনারগাতি এলাকার মেসার্স আব্দুস সাত্তার এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন যানবাহন তল্লাশিকালে একটি নম্বরবিহীন চাবিযুক্ত সবুজ রঙের সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে গঠিত একটি বিশেষ রেইডিং টিম। জব্দকৃত মাদকদ্রব্যের বিবরণে জানা যায়, আকাশি রঙের পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো ১৭টি আলাদা পোটলায় মোট ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার অবৈধ বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ২০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ৫ লাখ টাকা মূল্যের একটি সিএনজি অটোরিকশা এবং ২৪ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দকৃত আলামতের সর্বমোট বাজারমূল্য ১৫ লাখ ৪৪ হাজার টাকা।

উক্ত অভিযানে আটককৃত দুই মাদক কারবারি হলেন—ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ভালুকবেড় গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মো. মনির উদ্দিন (৩৫) এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মিরারচর এলাকার মো. আখের উদ্দিনের ছেলে মো. শাহ আলম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছেন। মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা কার্যালয়। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *