স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অভূতপূর্ব উন্নয়নের রূপকার মরহুম তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষে বিশেষ দোয়া মাহফিল এবং জেলা যুবদলের উদ্যোগে দোয়া ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বাদ আসর শহরের দড়াটানা জামে মসজিদে মরহুমের পরিবারের উদ্যোগে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে শহরের জামিয়া এজাজিয়া দারুল উলুম রেলস্টেশন মাদ্রাসা প্রাঙ্গণে যশোর জেলা যুবদলের আয়োজনে দোয়া ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
দড়াটানা জামে মসজিদে মোনাজাতের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় যশোরের বরেণ্য আলেম ও চিন্তাবিদগণ মরহুম তরিকুল ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। বক্তারা বলেন, তরিকুল ইসলাম ছিলেন এই জনপদের গণমানুষের নেতা, যিনি তাঁর অনন্য দূরদর্শিতা ও কাজের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্ব উঠে তিনি সবার জন্য কাজ করেছেন। বিশেষ করে আলেম সমাজের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা ছিল অপরিসীম। তিনি আলেমদের সম্মান করতেন এবং তাঁদের যেকোনো প্রয়োজনে সর্বদা এগিয়ে আসতেন।
স্মৃতিচারণমূলক সভায় বক্তব্য প্রদান করেন জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি আব্দুল মান্নান, জেলা ফতোয়া বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুর রহমান এজাজী, দড়াটানা মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস এবং বারান্দিপাড়া মাদ্রাসার শিক্ষক মুফতি শামসুর রহমান। সভার শেষ পর্যায়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে আবেগঘন মোনাজাত পরিচালনা করেন দড়াটানা জামে মসজিদের খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী।
অনুষ্ঠানে মরহুম তরিকুল ইসলামের কনিষ্ঠ সন্তান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বড় সন্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিত উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লাহ, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন সাফায়েত, সরকারি এমএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক।
রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরূল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক নুর ইসলাম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান উদ-দৌলা মিথুন, লেখক ও গবেষক বেনজিন খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খানসহ নানা পেশার সম্মানিত ব্যক্তিবর্গ।
অন্যদিকে, দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত রেলস্টেশন মাদ্রাসায় জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও প্রীতিভোজে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক এম তমাল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এতে আরও অংশ নেন জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুর রহমান সাগর, জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পিসহ অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী। উভয় আয়োজনেই তরিকুল ইসলামের বর্ণাঢ্য জীবন ও দেশের প্রতি তাঁর অসামান্য অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। ছবি সংগৃহীত।

