শহিদ জয়:
তারিখ: ৬ নভেম্বর ২০২৬
দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় সব ধরনের সরকারি সেবা ঝামেলাহীন ও মানসম্মতভাবে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, সেবা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের যেন কোনো ধরনের অভিযোগ বা ভোগান্তির শিকার হতে না হয়, বর্তমান প্রশাসন সেটি নিশ্চিত করতে কাজ করছে।
আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সরকারের নীতি ও আদর্শ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার পুরোপুরি একটি জনকল্যাণমুখী প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে। এই সরকার দেশের আপামর জনসাধারণের সরকার। জনগণের কাছে জবাবদিহিতার জায়গা থেকে প্রশাসন একচুলও নড়বে না এবং প্রতিটি নাগরিকের মৌলিক ও প্রশাসনিক সেবা প্রাপ্তি নিশ্চিত করা হবে।
ভূমি খাতের অনিয়ম রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন ভূমি অফিস অত্যন্ত সংবেদনশীল ও জনগুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এখান থেকে সরকার নির্ধারিত সুনির্দিষ্ট ফির বিনিময়ে জনগণকে সেবা প্রদান করতে হবে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত একটি পয়সাও গ্রহণ করা বরদাস্ত করা হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।
পরে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে জনসাধারণের চলাচলের জন্য ড্রেন ও নতুন রাস্তা নির্মাণকাজেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ছবি সংগৃহীত।

