মো: মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি
তারিখ: ২৭ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের পরশ বাজার এলাকায় আজ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে জুমার নামাজের খুতবা চলাকালে ঝটিকা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনার একটি ভিডিও ফুটেজে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে ৫০ থেকে ৬০ জনকে অংশ নিতে দেখা গেছে। হঠাৎ এই কর্মসূচির কারণে স্থানীয় পথচারীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল বহর নিয়ে নেতাকর্মীরা সাধুহাটি ইউনিয়নের পরশ বাজার এলাকায় একত্রিত হন। সেখান থেকে মিছিল নিয়ে তাঁরা সাধুহাটি ইউনিয়ন পরিষদের দিকে এগোতে থাকেন। এ সময় অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা’ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে নানা স্লোগান দিতে শোনা যায়।
বিজ্ঞাপন
মিছিল চলার সময় কয়েকজনকে সাধারণ পথচারীদের সতর্ক করে রাস্তা ছেড়ে সরে যাওয়ার কথা বলতে শোনা যায়। ভিডিওতে এক ভ্যানচালককে মিছিলকারীদের কাছে অনুরোধ করে পাশ দিয়ে যাওয়ার পথ চাইতে দেখা গেছে এবং অন্য এক পথচারীকে বলতে শোনা যায়, এক পাশ দিয়ে দ্রুত বেরিয়ে যান, নইলে এখানে ঝামেলা হতে পারে।
ভিডিও ফুটেজে আরও দেখা যায়, ওই মুহূর্তে ঝিনাইদহমুখী হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান সেখান দিয়ে যাচ্ছিল। পুলিশের গাড়ি নজরে আসামাত্রই মিছিলকারীরা দিগ্বিদিক ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। দৌড়ানোর সময় লম্বা চুলের এক ব্যক্তি রাস্তায় পড়ে গেলে তাঁকে টেনে তুলতে গিয়ে কয়েকজনকে চিৎকার করে সতর্ক করতে শোনা যায়।
ঘটনার বিষয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লিটন জানান, জুমার নামাজের খুতবা চলাকালীন সাধুহাটি পাম্পের কাছ থেকে মিছিলটি শুরু হয়ে সাধুহাটি ইউনিয়ন পরিষদের সামনের দিকে অগ্রসর হয়েছিল। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
ছবি ভিডিও থেকে সংগৃহীত।
