ঝিকরগাছায় জমির দ্বন্দ্বে চাচাতো ভাইকে কুপিয়ে হত্য!

ঝিকরগাছায় জমির দ্বন্দ্বে চাচাতো ভাইকে কুপিয়ে হত্য!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছা উপজেলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের কোন্দলের জেরে আপন চাচাতো ভাই ও ভাতিজাদের অতর্কিত ও সশস্ত্র হামলায় আশিকুর জামান (২৭) নামের এক যুবক নির্মমভাবে খুন হয়েছেন। এই হামলায় নিহতের বৃদ্ধ বাবা এবং বড় ভাই ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে ঝিকরগাছা উপজেলার সোনাকুর দোয়ালীপাড়া গ্রামে এই নৃশংস সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আশিকুর জামান ওই গ্রামের আছিরউদ্দিনের সন্তান। হামলায় গুরুতর আহত দুজন হলেন— নিহতের বাবা আছিরউদ্দিন (৭০) এবং ভাই আশরাফুজ্জামান (৫০)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পৈতৃক জমিজমা ভাগাভাগি নিয়ে আছিরউদ্দিনের সঙ্গে তাঁর আপন ভাই আমিন উদ্দীনের পরিবারের মধ্য বিরোধ দীর্ঘদিনের। গত মঙ্গলবার রাতে এই পুরনো বিরোধের সূত্র ধরে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনার সুযোগে আমিন উদ্দীনের দুই ছেলে নজরুল (৫০) ও ফজলু রহমান (৪৫) এবং নজরুলের দুই ছেলে মনিরুজ্জামান (৩৫) ও আরিফুজ্জামান (৩১) দেশীয় ধারালো অস্ত্র ও শাবল নিয়ে আছিরউদ্দিনের বসতবাড়িতে চড়াও হয়।

হামলাকারীরা আছিরউদ্দিনের ছোট ছেলে আশিকুর জামানকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকে। ছোট ভাইকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর বাবা আছিরউদ্দিন ও ভাই আশরাফুজ্জামানকেও কুপিয়ে রক্তাক্ত করা হয়। পরবর্তীতে রাত ১টার দিকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় আশিকুরকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সেখানকার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা (ইএমও) ডা. আনোয়ার হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছিল। নিহতের মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন করার জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় অপর দুই আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে নিয়োজিত পুলিশ সদস্য জুয়েল হোসেন জানান, এ ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কোতোয়ালি থানা ও ঝিকরগাছা থানাকে অবহিত করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সবাই এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে। এই রক্তক্ষয়ী ঘটনায় এলাকায় থমথমে অবস্থা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঝিকরগাছা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *