স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহর ও পার্শ্ববর্তী থানা এলাকার জননিরাপত্তা বিধান এবং মাদকের বিস্তার রোধে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তালবাড়িয়া ক্যাম্প অধীনস্থ ঘুরুলিয়া ঋষিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন যশোর কোতোয়ালী মডেল থানার শেখহাটি (দাসপাড়া) এলাকার তারাপদ দাসের ছেলে শ্রী নিবাস কুমার দাস (৩৭)।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইলিয়াসের পেশাদারত্ব, সুনিপুণ আভিযানিক পরিকল্পনা ও বিচক্ষণ নেতৃত্বে ক্যাম্পের একটি চৌকস দল ঘুরুলিয়া ঋষিপাড়া মোড় এলাকায় তল্লাশি জোরদার করে। এসআই ইলিয়াসের দূরদর্শী ও কৌশলী দিকনির্দেশনায় আভিযানিক দলটি ওই এলাকায় অভিযান চালিয়ে শ্রী নিবাস কুমার দাসকে ঘেরাও করে ফেলে। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২ পিস অ্যাম্ফিটামিনযুক্ত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত আলামতসহ তাঁকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি সংগৃহীত।
