স্ফুলিঙ্গ রিপোর্ট :
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং আইজিপির নির্দেশে তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে যশোরে শুরু হতে যাচ্ছে ‘১ম কমিউনিটি পুলিশ কবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।
বিজ্ঞাপন
যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইজিপির দিকনির্দেশনায় আয়োজিত এই প্রতিযোগিতা কেবল একটি ক্রীড়া আয়োজন নয়; বরং তৃণমূল পর্যায় থেকে প্রতিভা ও সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়দের খুঁজে বের করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ।
খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকের ছায়া ও কিশোর অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্পৃক্ততা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
একই সাথে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবাডি খেলাকে নতুন প্রজন্মের মাঝে জনপ্রিয় করে তোলা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এই প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্যে।
কমিউনিটি পুলিশিং কমিটির সার্বিক সহযোগিতা এবং সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার পরামর্শ ও সমন্বয়ে টুর্নামেন্টটি পরিচালিত হবে। প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করবে বাংলাদেশ কবাডি ফেডারেশন।
প্রতিযোগিতার বিন্যাস ও স্তর:
-
ইউনিয়ন পর্যায়: প্রথমে ইউনিয়ন পর্যায়ে নারী ও পুরুষ কবাডি দল গঠন পূর্বক খেলার মাধ্যমে উপজেলা চ্যাম্পিয়ন দল বাছাই করা হবে।
-
জেলা পর্যায়: সকল উপজেলা চ্যাম্পিয়ন দল নিয়ে প্রতিযোগিতার মাধ্যমে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নির্বাচন করা হবে।
-
বিভাগীয় ও জাতীয় পর্যায়: পরবর্তীতে জেলা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল বিভাগীয় পর্যায় এবং পরবর্তীতে বিভাগীয় পর্যায় শেষে নারী ও পুরুষ দল জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।
যশোর জেলা পুলিশ বিশ্বাস করে, “১ম কমিউনিটি পুলিশ কবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬” তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এবং পুলিশ-জনগণের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে একটি কার্যকর ও সময়োপযোগী ভূমিকা রাখবে।
বিজ্ঞপ্তিতে পুলিশ প্রশাসন আহ্বান জানায়— “আসুন, খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করি—মাদক ও অপরাধমুক্ত সুস্থ-সবল সমাজ গড়ে তুলি এবং সেই সাথে স্লোগান দিই— ‘যদি ক্রীড়া হয় পেশা, পরিবার পাবে ভরসা’।” ছবি সংগৃহীত।


