স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে গভীর রাতে একটি অক্সিজেন সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ দেখা দেয়। এতে চরম অগ্নিকাণ্ড আতঙ্কে রোগী, স্বজন ও দায়িত্বরত কর্মীদের মধ্যে তীব্র হুড়োহুড়ি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে হাসপাতালের চারতলায় অবস্থিত শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দুইটার দিকে শিশু ওয়ার্ডে থাকা একটি অক্সিজেন সিলিন্ডারের মিটার/লিকেজ অংশ থেকে হঠাৎ স্ফুলিঙ্গ বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন সেখানে থাকা অসুস্থ শিশুদের অভিভাবকরা। মুহূর্তের মধ্যে ওয়ার্ডে ছড়িয়ে পড়ে আগুনের খবর। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে স্বজনরা নিজেদের অসুস্থ সন্তানদের কোলে নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নিরাপদ আশ্রয়ে নেমে আসেন।
বিজ্ঞাপন
ঘটনার পরপরই জরুরি খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত হাসপাতালে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
তবে ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপে কোনো বড় ধরণের দুর্ঘটনা, হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি। পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ ও স্বাভাবিক হলে নিচে নেমে আসা শিশু রোগী ও তাদের স্বজনদের পুনরায় নিজ নিজ ওয়ার্ডের বেডে ফিরিয়ে নেওয়া হয়। ফাইল ছবি সংগৃহীত।

