স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের পরিচালিত এক সফল অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা শাড়ি, থ্রি-পিস, প্রসাধনসামগ্রী ও বিভিন্ন খাদ্যদ্রব্যসহ সাড়ে চার লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি মালামাল আটক করেন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।
আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের (আইসিপি) একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় এই চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, বেনাপোল আইসিপির টহলদল সীমান্তসংলগ্ন চিহ্নিত চোরাচালান পয়েন্টে অভিযান চালিয়ে ভারতীয় ৪৯টি আকর্ষণীয় শাড়ী, ১টি থ্রী-পিস, ১টি টু-পিস, ৩টি কম্বল, ২ প্যাকেট ফুসকা, ১ কেজি কিসমিস, ৩৬০টি চকলেট, ১ প্যাকেট সনপাপড়ী এবং ১৪১টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী উদ্ধার করে। বিজিবির প্রাতিষ্ঠানিক হিসাব অনুযায়ী আটককৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক মোট বাজারমূল্য ৪ লাখ ৬২ হাজার ২০০ টাকা।
বিজ্ঞাপন
যশোর ব্যাটালিয়নের দায়িত্বশীল কর্মকর্তা জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্যের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল কার্যক্রম ও সার্বিক নজরদারি অত্যন্ত কঠোর অবস্থায় রয়েছে। উদ্ধারকৃত এসব অবৈধ ভারতীয় মালামাল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।
