মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ)
তারিখ: ১২ নভেম্বর ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জ শহরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একটি ক্লিনিকে অতর্কিত হামলা চালিয়ে তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। হামলাকারীদের হাত থেকে বাঁচতে এক যুবক দৌড়ে ক্লিনিকের ভেতরে প্রবেশ করলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সদ্য সন্তান জন্ম দেওয়া এক নারী রোগীর বিছানার সামনেই তাকে নির্মমভাবে মারধর করা হয়। এই আকস্মিক সহিংসতায় পুরো ক্লিনিক চত্বরে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গতকাল বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের মুরগিহাট এলাকার আনছার ক্লিনিকের সামনে ও ভেতরে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
হামলায় গুরুতর আহত ব্যক্তিরা হলেন—আনছার ক্লিনিকের মালিক আলমগীর হোসেন, কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক এবং মাহাবুর রহমান। আহত তিনজনের প্রত্যেকের মাথায় গুরুতর জখম হওয়ায় তিন থেকে চারটি করে সেলাই দিতে হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে শহরের মুরগিহাট এলাকায় ‘জ্যোতি’ নামের এক যুবকের সঙ্গে ‘তুহিন’ নামের আরেক যুবকের তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে ঘটনাস্থলেই বিষয়টি মীমাংসা হয়ে যায়। ঘটনার সময় ক্লিনিক মালিক আলমগীর হোসেনও সেখানে উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে, এর কিছু সময় পর ঘটনাস্থলে উপস্থিত হন পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী নাজিম বিশ্বাস। তিনি মুঠোফোনে কল করে কতিপয় ব্যক্তিকে সেখানে ডেকে পাঠান। এর কিছুক্ষণ পরই পার্শ্ববর্তী জামায়াতের সংসদ সদস্য আবু তালিবের দলীয় কার্যালয় থেকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী অতর্কিতভাবে সেখানে উপস্থিত হন। এসেই তাঁরা আলমগীর, তৌফিক ও মাহাবুরের ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করেন। এ সময় জীবন বাঁচাতে তৌফিক দৌড়ে আনছার ক্লিনিকের ভেতরে ঢুকে পড়লে হামলাকারীরা ক্লিনিকের ভেতরে ঢুকে রোগীর সামনেই তাকে বেধড়ক পেটায়। এতে সিজারিয়ান ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী ও তাঁদের নবজাতক শিশুরা ভয়ে কান্নাকাটি শুরু করে দেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত ক্লিনিক মালিক আলমগীর হোসেন জানান, “আমি ক্লিনিকের সামনে বসে চা খাচ্ছিলাম। দুই যুবকের সামান্য ভুল বোঝাবুঝি আমি ঘটনাস্থলে মিটিয়ে দিয়েছিলাম। কিন্তু জামায়াত নেতা নাজিম এসে লোক ডেকে এনে আমার ওপর ইট দিয়ে হামলা চালায় এবং অন্যকে দা দিয়ে কুপিয়ে জখম করে। আমি এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে থানায় মামলা করব।”
ক্লিনিকের ভেতরে আতঙ্কিত হয়ে পড়া সিজারিয়ান রোগী মারুফা বেগম বলেন, “আমার অপারেশনের মাত্র তিন দিন হয়েছে। হঠাৎ রাতে দুই লোক ক্লিনিকে ঢুকে লোকজনকে মারধর শুরু করলে আমার নবজাতক সন্তান ভয় পেয়ে চিৎকার জুড়ে দেয়। আমরা চিকিৎসাধীন রোগীরা চরম নিরাপত্তাহীনতায় আছি।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী নাজিম বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে, সাংবাদিক পরিচয় পাওয়ার পর বাড়িতে মেহমান থাকার অজুহাত দেখিয়ে তিনি ফোনের সংযোগ কেটে দেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, “আহত ব্যক্তিরা থানায় এসেছিলেন। এ ঘটনায় তাঁরা সুনির্দিষ্ট লিখিত অভিযোগ বা এজাহার দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ছবি সংগৃহীত।

