মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ)
তারিখ: ৪ নভেম্বর ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা দাখিল মাদরাসায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ইসলামী বই বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় জ্ঞান বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ জাগ্রত এবং ইসলামী শিক্ষার সঠিক প্রসারের লক্ষ্যে ‘মাওলানা শামছুল হক ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে মাদরাসার হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক এ কে এম জিয়াউল হক শামীম। পাতবিলা দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদরাসার অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিক্ষার্থীদের মাঝে ইসলামী বই বিতরণ একটি অত্যন্ত মহৎ ও কল্যাণকর উদ্যোগ। বই মানুষের সুপ্ত জ্ঞান বৃদ্ধি, নৈতিক চরিত্র গঠন এবং সঠিক জীবনবোধ তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। ইসলামী বই অধ্যয়নের মাধ্যমেই মানুষ পবিত্র কোরআন, হাদিস, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবনাদর্শ এবং ইসলামের মৌলিক শিক্ষা সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারে।”
বক্তারা আরও যোগ করেন, বর্তমান যুগের তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, সততা ও ন্যায়বোধ জাগ্রত করতে এ ধরনের শিক্ষামূলক উদ্যোগের কোনো বিকল্প নেই। এই আয়োজনের ফলে শিক্ষার্থীদের মাঝে ইসলামি সাহিত্য ও নৈতিক মূল্যবোধ চর্চার আগ্রহ বহুগুণ বেড়ে যাবে এবং সমাজে ইসলামী আদর্শের প্রচার-প্রসারে এটি ইতিবাচক ভূমিকা রাখবে। ছবি সংগৃহীত।
