এবার কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
সাম্প্রতিক সময়ে একের পর এক সামুদ্রিক প্রাণীর মৃতদেহ ভেসে আসার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৬টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে জোয়ারের পানির সাথে ডলফিনটি ভেসে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডলফিনটির শরীরের চামড়া উঠে গেছে, পেট ফেটে গেছে এবং বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে, যা এর অস্বাভাবিক মৃত্যুর ইঙ্গিত দেয়।
স্বেচ্ছাসেবী সংগঠন উপরা সদস্য আব্দুল জলিল প্রথম ডলফিনটি দেখতে পেয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি ইরাবতী প্রজাতির ডলফিন। এ প্রজাতির ডলফিনের মাথা গোলাকার এবং সাধারণ ডলফিনের মতো লম্বা ঠোঁট থাকে না। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অগভীর উপকূলীয় জল এবং বড় নদীগুলোতে এদের বিচরণ। বিপন্ন এই প্রজাতি সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানায়, এ ধরনের ঘটনা আমাদের জন্য স্পষ্ট অশনিসংকেত। ডলফিনের মৃত্যু উপকূলীয় পরিবেশের অবনতির বার্তা দেয়। দ্রুত কারণ উদ্ঘাটন করে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
উপকূল পরিবেশ রক্ষার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু জানান,বারবার মৃত ডলফিন ও কচ্ছপ ভেসে আসা আমাদের সামুদ্রিক পরিবেশের জন্য বড় হুমকির ইঙ্গিত। অনিয়ন্ত্রিত মাছ ধরা, প্লাস্টিক দূষণ এবং নৌযানের অসচেতন চলাচল এর পেছনে ভূমিকা রাখতে পারে।
বন বিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ডলফিনটির মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরে ডলফিন রক্ষা কমিটি, কুয়াকাটা পৌরসভা, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উপরা সদস্যরা যৌথভাবে মৃত ডলফিনটি মাটি চাপা দেন।
সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে সামুদ্রিক জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই দ্রুত কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *