মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি
তারিখ: ৩ নভেম্বর ২০২৬
ঝিনাইদহের শৈলকুপা বাজারে প্রকাশ্য দিবালোকে এক ব্যাংক গ্রাহকের টাকা ছিনতাইয়ের চেষ্টার সময় চক্রের দুই নারী সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আটককৃত দুই নারী হলেন—জামালপুর জেলার ইসলামপুর ইউনিয়নের তাকতাপাড়া গ্রামের মৃত ফরিদ শেখের মেয়ে ফরিদা বেগম (২১) এবং একই গ্রামের মো. রাসেলের মেয়ে নিপা আক্তার (২৬)। তাঁরা উভয়েই বেদে সম্প্রদায়ের সদস্য বলে জানা গেছে।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার উপজেলার উমেদপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের বাসিন্দা ইসহাক হোসেন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শৈলকুপা বাজারের পূবালী ব্যাংক শাখা থেকে এক লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে টাকা তুলে বের হয়ে পুরাতন সোনালী ব্যাংকের সামনে পৌঁছামাত্র পূর্বঘত পরিকল্পনা অনুযায়ী ওত পেতে থাকা ছিনতাইকারী চক্রের চার সদস্য তাঁকে ঘিরে ধরে এবং ব্যাগ থেকে টাকা কেড়ে নেওয়ার চেষ্টা চালায়।
এ সময় বৃদ্ধ ইসহাক হোসেনের আত্মচিৎকারে আশপাশের লোকজন ও স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত এগিয়ে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে চক্রের পুরুষ দুই সদস্য পালিয়ে গেলেও স্থানীয় জনতা সাহসিকতার সঙ্গে চক্রের দুই নারী সদস্যকে ধরে ফেলেন। পরে তাঁদের গণপিটুনির হাত থেকে রক্ষা করে শৈলকুপা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় জনতার হাতে আটক দুই নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পলাতক অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ছবি সংগৃহীত।

