স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৪৫০ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর ২০২৬) রাত ৯টা ৫০ মিনিটের দিকে শার্শা থানাধীন আমলাই এলাকার পাড়ইপাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
শার্শা থানা পুলিশের এসআই (নিঃ) সুজন মাহমুদের নেতৃত্বে একটি টিম আমলাই পাড়ইপাড়া গ্রামস্থ জনৈক অর্জুনের বাড়ির সামনের কাঁচা রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—শার্শার আমলাই মাঝেরপাড়ার মো. ওয়াহেদ আলীর ছেলে মো. লাভলু রহমান (৩৫) এবং একই এলাকার আমলাই পাড়ইপাড়ার তনু হালদারের ছেলে সমেস হালদার (৪৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামিদের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ বিভিন্ন নোটের ১ হাজার ৪৫০ টাকা জব্দতালিকা মূলে উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামতসহ থানায় হাজির হয়ে আসামিদের বিরুদ্ধে একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ রবিবার (১১ অক্টোবর ২০২৬) সকালে গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ। ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন
