স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা উপজেলায় দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা আবিদুল ইসলাম (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামস্থ রেললাইনের পাশে পরিত্যক্ত একটি ঘরের আড়া থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আবিদুল ইসলাম দীর্ঘদিন ধরে তীব্র নেশায় আসক্ত ছিলেন। মাদকের অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে একপর্যায়ে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। বুধবার সকালে দক্ষিণ বুরুজবাগান এলাকার বাসিন্দা হামিদা বেগমের দখলে থাকা রেললাইনের পার্শ্ববর্তী একটি সেমিপাকা টিনের তৈরি বিচুলী রাখার ঘরের সিলিংয়ের আড়ার সঙ্গে সুতার রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরবর্তীতে স্থানীয় লোকজন ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে দ্রুত থানা পুলিশকে খবর দেন।
বিজ্ঞাপন
খবর পেয়ে শার্শা থানা পুলিশের একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার সেকেন্ড অফিসার এসআই আশিস সরকার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।

