বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী):
পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক অন্তঃসত্ত্বা নারীকে বেধড়ক মারধর ও পেটে লাথি মেরে গর্ভপাত ঘটিয়ে সাত মাসের নবজাতককে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত মো. সোহাগ সিকদারকে গ্রেফতার করেছে বিশেষ নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত বিশেষ বাহিনী এসআরবি-৮।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন রঙ্গশ্রী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। আটককৃত সোহাগ সিকদার পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চাকামইয়া গ্রামের মো. ফোরকান সিকদারের ছেলে।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অভিযুক্ত সোহাগ সিকদার ও তাঁর সঙ্গীরা লোহার রড, কাঠের চেরা এবং ইট দিয়ে ভিকটিম মোসা. তানিয়া বেগম ও তাঁর স্বামীকে ঘিরে ধরে অতর্কিত হামলা চালায়। এতে দুজনই গুরুতর রক্তাক্ত ও জখম হন। হামলার একপর্যায়ে ভিকটিম দম্পতির কাছ থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং আহত গর্ভবতী নারীকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। একপর্যায়ে তানিয়া বেগমের পেটে সজোরে লাথি মারা হলে তিনি আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর সাত মাসের গর্ভপাত ঘটে। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় নবজাতকটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলার মাঝেই শিশুটি মারা যায়।
বিজ্ঞাপন
এই অমানবিক ও নৃশংস ঘটনার পর ভিকটিম তানিয়া বেগম বাদী হয়ে ২৮ সেপ্টেম্বর কলাপাড়া থানায় সোহাগকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর প্রধান আসামিসহ অন্য অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং সদর কোম্পানি বরিশালের একটি যৌথ আভিযানিক দল বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার রঙ্গশ্রী এলাকায় সফল অভিযান চালিয়ে পলাতক প্রধান আসামি সোহাগ সিকদারকে আটক করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের স্বার্থে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার রয়েছে।
ছবি সংগৃহীত।
