স্ফুলিঙ্গ ডেক্স : (২০ মার্চ ২০২৬)ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাত্র ১২ আনা ওজনের একটি রুপার চেইনের লোভে ৪ বছর বয়সী শিশু মরিয়ম আক্তারকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ প্রতিবেশী সাদ্দাম মিয়ার রান্নাঘরের চুলার ভেতর লুকিয়ে রাখার লোমহর্ষক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) ইফতারের আগমুহূর্তে উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মরিয়ম ওই গ্রামের মো. মিজানুর রহমানের মেয়ে। এই ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী সাদ্দাম মিয়া ও তার কিশোর ছেলে ইয়াছিন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে মরিয়ম নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা হন্যে হয়ে তাকে খুঁজলেও কোথাও হদিস পাচ্ছিলেন না। পরে বিকেলের দিকে প্রতিবেশী সাদ্দামের বাড়ির রান্নাঘরের চুলার ভেতরে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
বিজ্ঞাপন
নিহতের মামা হাবিবুর রহমানের অভিযোগ, মরিয়মের গলায় একটি রুপার চেইন ছিল। নেশার টাকার জন্য প্রতিবেশী কিশোর ইয়াছিন সেই চেইনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শিশুটি চিৎকার শুরু করলে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহটি চুলার ভেতরে গুঁজে রাখা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রুপার চেইনের জন্যই এই হত্যাকাণ্ড। অভিযুক্ত বাবা ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ছবি-সংগৃহীত

