স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. রনি হোসেনের (২৮) চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে সামাজিক সেবামূলক সংস্থা ‘আল মামুন ফাউন্ডেশন’। দীর্ঘদিন ধরে দুটি কিডনি বিকল হয়ে শয্যাশায়ী এই তরুণ নেতার চিকিৎসার জন্য ২০ হাজার টাকার নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে সংগঠনটি।
আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) দুপুরে নরেন্দ্রপুর ইউনিয়নের জামতলা হাটবিলা এলাকায় অসুস্থ রনির নিজ বাড়িতে উপস্থিত হয়ে এই সহায়তার অর্থ তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী রবিউল ইসলাম। এ সময় তিনি রনির শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুটি কিডনি বিকল হয়ে চরম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তরুণ নেতা রনি হোসেন। তাঁর জটিল ও অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি, দেখা দিয়েছে চরম আর্থিক সংকট।
বিজ্ঞাপন
সহায়তা প্রদানকালে প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, “রনির চিকিৎসার জন্য এখনও উপযুক্ত কোনো কিডনি ডোনার পাওয়া যায়নি। সন্ধান মিললেই তাঁর কিডনি প্রতিস্থাপনসহ চিকিৎসার পুরো ব্যয়ভার বহনে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।” একই সঙ্গে তিনি রনির দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।
সহায়তা বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সাধারণ সম্পাদক ডা. সাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম শেখ, সদস্য মামুন হোসেন ও খন্দকার ফকরুজ্জামান রাসেল। এছাড়াও স্থানীয় কৃষকদল নেতা আব্দুল আজিজ, যুবদল নেতা রাকিব হোসেন মুন্সী ও আফজাল হোসেন এবং স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল ইসলাম, সেলিম রেজা, গোলাম রসুল, আনারুল ইসলামসহ দলীয় নেতা-কর্মীবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

