স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে সরকার কর্তৃক নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ব্যানারে সরকারবিরোধী মিছিল ও উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গতকাল সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাত পৌনে ৯টার দিকে যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। পরবর্তীতে আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিজ্ঞ আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার নাম বিপ্লব হোসেন। তিনি যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামের গোলাম নবীর ছেলে এবং যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞাপন
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরতলীর রামনগর পিকনিক কর্নার এলাকায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। পরবর্তীতে পুলিশের দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, ওই মিছিল থেকে বর্তমান সরকারকে বেআইনিভাবে উৎখাতের ষড়যন্ত্র চালানো হচ্ছিল। ওই ঘটনার পর যশোর কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার ঘোষ জানান, ওই মামলার নিবিড় তদন্তে বিপ্লব হোসেনের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ ও সন্দেহভাজন হিসেবে তাঁকে শনাক্ত করা হয়। পরবর্তীতে সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। ফাইল ছবি সংগৃহীত।
