স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের খড়কী এলাকায় বিএনপির আঞ্চলিক কার্যালয়ের সামনে ককটেল/বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগে চারজনের নাম উল্লেখসহ ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গত রবিবার (৪ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে খড়কী এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় খড়কী দক্ষিণপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে ওহিদুল ইসলাম সোহেল বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।
বিজ্ঞাপন
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—খড়কী এলাকার চান্দালী ওরফে চাঁদ আলীর ছেলে লাদেন (২৬), আবদুর রশিদের ছেলে সানি (২৫), মুজিবর রহমানের ছেলে সাকিব (৩০) এবং তহিদুল ইসলামের ছেলে তৌফিক (১৯)।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, অভিযুক্ত আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, প্রকাশ্য মাদক সেবন ও কেনাবেচা এবং চাঁদাবাজির সঙ্গে যুক্ত। এলাকায় নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৪ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে তারা খড়কী বিএনপির আঞ্চলিক কার্যালয়ের ঠিক পাশেই অবস্থিত মেহেদী হাসানের বাড়ির সামনে অতর্কিত বোমা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
এজাহারে আরও জানানো হয়, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি (CCTV) ক্যামেরার ফুটেজ নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। ফুটেজে আসামিদের হাতে বোমা বহন ও তা বিস্ফোরণ ঘটানোর স্পষ্ট দৃশ্য দেখা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। ওই ফুটেজের ভিত্তিতেই চার প্রধান হামলাকারীকে শনাক্ত করে এজাহারভুক্ত করা হয়েছে।
এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম ভীতি ও আতঙ্ক সৃষ্টি করতেই এ ধরনের সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাকিদের পরিচয় শনাক্তকরণ ও আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। ছবি সংগৃহীত।
