বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় কোনো প্রকার পারিশ্রমিক ছাড়া সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে সড়ক ও ড্রেন পরিষ্কারের পর এবার ঐতিহাসিক আন্ধারমানিক নদীর ওপর নির্মিত সেতু পরিচ্ছন্ন অভিযানে নেমেছেন ৫ জন কৃষক।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে নীলগঞ্জ ইউনিয়নের কৃষক কামাল গাজীর নেতৃত্বে একদল সাধারণ কৃষক আন্ধারমানিক সেতু এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা শুরু করেন।
উদ্যোক্তা কৃষকরা জানিয়েছেন, সেতুটিতে জমে থাকা ময়লা-আবর্জনায় পানি নিষ্কাশনের ড্রেনগুলো দীর্ঘদিন ভরাট হয়ে ছিল। এতে জলাবদ্ধতা তৈরির পাশাপাশি ডেঙ্গু মশার বংশবিস্তারের চরম ঝুঁকি তৈরি হয়। সেই আশঙ্কা থেকেই জনস্বার্থে এবং সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে সেতুটি পরিচ্ছন্ন করার দায়িত্ব কাঁধে তুলে নেন তাঁরা। সাধারণ কৃষকদের এমন ব্যতিক্রমী ও মহতী উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মাঝে দারুণ প্রশংসার সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, সামান্য বৃষ্টিতেই পানি জমে কলাপাড়া শহরের অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হলে এর আগে গত ১৪ সেপ্টেম্বর শহরের প্রধান প্রধান ড্রেন ও সড়ক পরিষ্কারে নেমেছিলেন এ কৃষকেরা। তাঁদের এই স্বেচ্ছাশ্রমভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম আগামী আরও ১৫ দিন নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলনেতা কামাল গাজী। ছবি প্রতিবেদক।

