স্ফুলিঙ্গ রিপোর্ট :
নরসিংদীতে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. পারভীন আক্তার (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত ৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে নরসিংদী মডেল থানাধীন ভেলানগর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে তাঁকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নরসিংদীর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে নরসিংদী মডেল থানাধীন ভেলানগর বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ‘সততা টাইলস এন্ড স্যানেটারী’ নামের দোকানের সামনে ঢাকাগামী ‘আল মোবারকা’ নামের একটি পরিবহন বাসে তল্লাশি চালানো হয়। বাসটির ভেতর আই-৩ নম্বর সিটে বসা অবস্থায় মোছা. পারভীন আক্তারকে আটক করা হয়।
পরবর্তীতে তাঁর শরীর তল্লাশি করে পরিহিত সালোয়ারের ডানপাশের কোচর থেকে লাল রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি কালো জিপারযুক্ত পলিপ্যাকেটের ভেতর থেকে মোট ৮০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত পারভীন আক্তারের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সিদ্ধিরপুর এলাকার ১ নম্বর ওয়ার্ডের মনতলা বাজার পোস্টের বাসিন্দা। তাঁর স্বামীর নাম কবির হোসেন, পিতার নাম সুরুজ মিয়া এবং মাতার নাম কমলা খাতুন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইকবাল আহমেদ দীপু বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরসিংদী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ছবি সংগৃহীত।

