সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৯ আগস্ট ২০২৬) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
উক্ত সভায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত থেকে জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিস্তারিত তুলে ধরেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
বিজ্ঞাপন
সভায় জেলার সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ, সামাজিক স্থিতিশীলতা বিনষ্টকারী সন্ত্রাস ও নাশকতামূলক তৎপরতা রোখা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান বন্ধ এবং উদীয়মান ব্যাধি অনলাইন জুয়া নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও আদালতে জমে থাকা অনিষ্পন্ন চোরাচালান মামলার বিচার প্রক্রিয়া দ্রুততর করা, সড়ক দুর্ঘটনা হ্রাস, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ বজায় রাখা, সড়ক দুর্ঘটনা রোধ ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করে ট্রাফিক ব্যবস্থাপনায় আনয়নসহ জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে বিস্তৃত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, “জেলার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর পারস্পরিক সমন্বয় অত্যন্ত জরুরি।”
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মো. ইজ্জত উল্লাহ এবং সাতক্ষীরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল খালেক। এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক দূরদর্শী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দায়িত্বশীল সংবাদকর্মীরা সভায় অংশ নিয়ে মূল্যবান মতামত প্রদান করেন। ছবি সংগৃহীত।
