ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার শেরে বাংলা সড়ক (হাটের রাস্তা) এলাকায় এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) পরিচালিত এই বিশেষ তদারকি অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ১টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের।
বিজ্ঞাপন
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এলপিজি সিলিন্ডার গ্যাসের সঠিক মূল্য, ওজন ও সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে সদরের শেরে বাংলা সড়কের বিভিন্ন পাইকারি ও খুচরা প্রতিষ্ঠানে এই তদারকি চালানো হয়। এ সময় ভোক্তা আইন ভঙ্গের কারণে একটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক দশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক শরিফা খাতুন উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আভিযানিক দলকে নিরাপত্তাদানে নিয়োজিত ছিল ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম।
অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, ভোক্তা স্বার্থ সুরক্ষা, কৃত্রিম সংকট রোধ এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করতে ঝিনাইদহ জুড়ে এ ধরনের তদারকিমূলক বাজার অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

