মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি
তারিখ: ৩ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ সদর উপজেলায় গভীর রাতে তালা ভেঙে ও ট্রাক নিয়ে হানা দিয়ে একটি খামার থেকে ৬টি মূল্যবান গরু চুরি করে নিয়ে গেছে এক সংঘবদ্ধ চোরচক্র।
গতকাল সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছি গ্রামের ডেইরি খামারি তারিফুল ইসলামের খামারে এ চুরির ঘটনাটি ঘটে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য অন্তত ২০ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত খামারি। এ ঘটনায় এলাকার অন্যান্য খামারিদের মধ্যে তীব্র উদ্বেগ ও চুরির আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে একটি বড় ট্রাক নিয়ে চোরচক্রের সদস্যরা কয়ারগাছি গ্রামে খামারি তারিফুল ইসলামের খামারের সামনে এসে অবস্থান নেয়। এরপর কৌশল খাটিয়ে ও খামারের প্রধান ফটকের তালা ভেঙে একে একে ছয়টি ডেইরি গরু ট্রাকে তুলে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে খামারি তারিফুল ইসলাম খামারে গিয়ে গরু দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন এবং তাৎক্ষণিকভাবে ঝিনাইদহ সদর থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করেন।
ক্ষতিগ্রস্ত খামারি তারিফুল ইসলাম আবেগাপ্লুত কণ্ঠে জানান, “রাতের আঁধারে এসে ট্রাক হাঁকিয়ে আমার খামারের তালা কেটে ৬টি গরু চুরি করে নেওয়া হয়েছে। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এই খামারের ওপরই আমার সম্পূর্ণ জীবিকা নির্ভরশীল ছিল। চুরির এই ঘটনায় আমি চরম আর্থিক ক্ষতির মুখে পড়ে নিঃস্ব হয়ে পড়েছি।” তিনি দ্রুত চোরদের শনাক্ত করে গরুগুলো উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খামার থেকে ট্রাকযোগে গরু চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত চোরচক্রকে শনাক্তকরণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও চুরি হওয়া গরুগুলো দ্রুত উদ্ধারে পুলিশের বিশেষ দল কাজ শুরু করেছে।” ছবি সংগৃহীত।

