স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ২ নভেম্বর ২০২৬
খুলনার একটি বিশেষায়িত হাসপাতাল চত্বর থেকে অভিনব কায়দায় চুরি হওয়া একটি কালো রঙের নোয়া মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এই গাড়ী চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে পাইকগাছা থানা এলাকা থেকে আসাদুজ্জামান দুলু (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্য ও সূত্র ধরে ২ নভেম্বর রাত আড়াইটার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে রবিউল ইসলাম (৩৪) নামের অপর এক সহযোগীকে আটক করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রবিউল ইসলামের দেওয়া নিখুঁত তথ্য ও সনাক্তকরণের ভিত্তিতে বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার প্রধান সড়কের পাশেই একটি বাগান থেকে লুকিয়ে রাখা চুরি যাওয়া কালো রঙের নোয়া মাইক্রোবাসটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক রবিউল ইসলাম সাধারণ কোনো চোর নয়; তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাইক্রোবাস চুরির অপরাধে মামলা রয়েছে। গাড়ি চুরির এই চাঞ্চল্যকর ঘটনায় খালিশপুর থানায় দায়ের করা নিয়মিত চুরি মামলায় গ্রেপ্তারকৃত উভয় আসামীকে আইনি প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।
