বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ২ নভেম্বর ২০২৬

যশোর শহরের প্রাণকেন্দ্র বকুলতলা এলাকায় নির্মিত ঐতিহাসিক ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অজ্ঞাত দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ন্যক্কারজনক চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখা।

আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় যশোর শহরের জুলাই স্মৃতি চত্বর থেকে জেলা এনসিপির আহ্বায়ক আলহাজ্ব নুরুজ্জামানের নেতৃত্বে এই বিশাল বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিল শেষে দলীয় ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা স্মৃতি চত্বরের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা এনসিপি নেতা শামীম হোসেন, শরিফুল ইসলাম, প্রকৌশলী বায়েজিদ হুসাইন, তপু ইসলাম, ফাহিম আল ফাত্তাহ, মাওলানা ইব্রাহিম খলিল, কাজী শাকিল, নুরুন্নবী আহমেদ, এম এম সোহরাব হোসেন, উম্মে সাদিয়া, শেখ আল আমিন এবং রাজিবুল আমিনসহ সংগঠনের বিভিন্ন স্তরের সর্বস্তরের নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা এনসিপির আহ্বায়ক আলহাজ্ব নুরুজ্জামান বলেন, রক্তে অর্জিত জুলাই স্মৃতিস্তম্ভে গভীর রাতে আগুন দেওয়ার মতো পৈশাচিক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পতিত ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করার হীন উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের দুষ্কৃতকারীরা এই ঘটনা ঘটিয়েছে। তারা এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের ভীতসন্ত্রস্ত করার চেষ্টা চালাচ্ছে এবং আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার যে কাল্পনিক ও উস্কানিমূলক বার্তা দেওয়ার অপচেষ্টা করছে, তা এ দেশের সচেতন ছাত্র-জনতা কঠোর হস্তে দমন করবে।

তিনি আরও বলেন, এনসিপি যশোর জেলা শাখা এ ধরনের অনভিপ্রেত ও আইনশৃঙ্খলা বিরোধী নজিরবিহীন অপকর্মের তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছে। একই সঙ্গে ঘটনা ঘটার পর সিসিটিভি ফুটেজ উদ্ধার ও অপরাধীদের শনাক্তে তৎপর হওয়া জেলা পুলিশ ও প্রশাসনকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

নুরুজ্জামান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, এ দেশের মাটিতে আওয়ামী লীগকে নতুন করে রাজনৈতিক অধিকার চর্চা করতে হলে সর্বপ্রথমে জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও নৃশংসতার সুষ্ঠু বিচার হতে হবে। এ দেশের আপামর ছাত্র-জনতা ফ্যাসিস্ট আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক অপতৎপরতা বয়কট করেছে এবং ভবিষ্যতেও রাজপথে সেই অবস্থান অটুট থাকবে। পরে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *