স্ফুলিঙ্গ রিপোর্ট :
বাংলাদেশের কিশোরীদের শরীরের অতি প্রয়োজনীয় অণুপুষ্টির মারাত্মক ঘাটতি, এর ক্ষতিকর প্রভাব, প্রতিকার এবং নীতিগত করণীয় নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ এবং যবিপ্রবি রিসার্চ সেলের যৌথ উদ্যোগে এই সেমিনার আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার বিখ্যাত গ্রিফিথ ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রির পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. ফারুক আহমেদ। মূল প্রবন্ধে তিনি বাংলাদেশের কিশোরীদের শরীরে ভিটামিন ও প্রয়োজনীয় খনিজসহ জরুরি অণুপুষ্টির ঘাটতি, এর দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি এবং তা সফলভাবে মোকাবিলায় কার্যকরী সরকারি নীতি ও বাস্তবমুখী পদক্ষেপের গুরুত্ব বিশদভাবে তুলে ধরেন।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “সীমিত সম্পদের মধ্যেও যে আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনা করা সম্ভব, তা ড. ফারুক আহমেদ তাঁর কাজের মাধ্যমে প্রমাণ করেছেন। আমাদের এই গবেষণার ফলাফলকে কেবল পুস্তিকা বা একাডেমিক প্রকাশনায় সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং এগুলোকে দেশের সাধারণ মানুষের কল্যাণে এবং সরকারের নীতি নির্ধারণে কাজে লাগাতে হবে।” এ উদ্দেশ্যে তিনি আন্তর্জাতিক স্তরে গবেষণা যোগাযোগ ও অংশীদারিত্ব বাড়ানোর ওপর জোর তাগিদ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির সাথে সরাসরি সম্পৃক্ত। দেশের বৃহৎ নারী জনগোষ্ঠীর পুষ্টিহীনতা দূর করতে এ ধরনের গবেষণালব্ধ তথ্য ও সুপারিশসমূহ দ্রুত সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে রূপায়ণ করা জরুরি।”
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরিন নিগার এবং রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মো. মিনহাজ উদ্দীন মনির।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সেমিনারটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা-তুজ-জোহরা। ছবি সংগৃহীত।
