স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৫ নভেম্বর ২০২৬
যশোর সদর উপজেলায় স্বামীর কথায় মদ পান করতে রাজি না হওয়ায় হালিমা (২২) নামে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ইসমাইলের (৩০) বিরুদ্ধে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রূপদিয়া এলাকার সাকারগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় নিজ বাড়িতে বসে মদ পান করছিলেন ইসমাইল। একপর্যায়ে তিনি তাঁর স্ত্রী হালিমাকেও মদ পান করার জন্য চাপ দেন। কিন্তু হালিমা তাতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করা হয়। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় হালিমাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
বিজ্ঞাপন
বর্তমানে হালিমা হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা এখন শঙ্কামুক্ত। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ছবি সংগৃহীত।
