স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৫ নভেম্বর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, সন্ত্রাস-নৈরাজ্য বন্ধ এবং বিকল্প পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে শহরের ১ নম্বর উকিল বারের সামনে এ কর্মসূচি পালিত হয়।
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম উর রহমান। সমাবেশে বক্তারা বলেন, নিত্যপণ্যের বাজারদর বেড়ে যাওয়ায় গার্মেন্টস শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। শ্রমিকরা ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবি জানালেও সরকার ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ করেছে, যা বাস্তবতা ও শ্রমিকদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে ন্যায্য মজুরি দেওয়ার দাবি জানান তাঁরা।
বিজ্ঞাপন
বক্তারা আরও দাবি করেন, শ্রমিকদের ওপর পুলিশি হামলা বন্ধ করতে হবে এবং শ্রমিক হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি উপযুক্ত বিকল্প ব্যবস্থা ও পুনর্বাসন নিশ্চিত না করে হকার উচ্ছেদ বন্ধ করা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান তাঁরা।
সিপিবি যশোর জেলার নেতা মহিবুল্লাহ মহিবের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাসদ যশোর জেলা সদস্যসচিব হাচিনুর রহমান, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান এবং সিপিবি নেতা আব্দুর রহিম। ছবি সংগৃহীত।

