খুলনায় একদিনে তিন গুলির ঘটনা : পালংকি রেস্টুরেন্টে হামলার পর বাড়তি পুলিশ মোতায়েন

খুলনায় একদিনে তিন গুলির ঘটনা : পালংকি রেস্টুরেন্টে হামলার পর বাড়তি পুলিশ মোতায়েন

স্ফুলিঙ্গ ডেক্স :

তারিখ: ২৪ নভেম্বর ২০২৬

৩০ লাখ টাকা চাঁদা দাবির পর রেস্টুরেন্ট বন্ধ রাখা হলেও পুলিশের আশ্বাসে পুনরায় খোলার কয়েক ঘণ্টার মধ্যেই গুলি ছোড়ার ঘটনা ঘটেছে খুলনা নগরীর পালংকি রেস্টুরেন্টে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা ১১ মিনিটে সোনাডাঙ্গা থানাধীন গাজী মেডিকেল কলেজের সামনের ওই রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একই দিনে নগরীর লবণচরা ও সদর থানা এলাকায় আরও দুটি গুলির ঘটনার খবর পাওয়া গেছে। এক দিনের ব্যবধানে তিনটি গুলির ঘটনায় খুলনা শহরজুড়ে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

পালংকি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আশিকুর রহমান আশিক জানান, চাঁদার হুমকির মুখে সোমবার রাতেই তিনি রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছিলেন। পরদিন মঙ্গলবার দুপুরের দিকে পুলিশ নিরাপত্তার আশ্বাস দিলে রেস্টুরেন্টটি আবার চালু করা হয়; তবে বিকেলে গুলির ঘটনার পর ফের তা বন্ধ করতে বাধ্য হন তাঁরা। তাঁর আক্ষেপ, পুলিশ নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা রক্ষা করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে খুলনার আলোচিত ‘বি’ কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর পরিচয়ে আশিকুর রহমানের কাছে ৩০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয় এবং সেই রাতেই মালিক রেস্টুরেন্ট তালাবদ্ধ করে বাড়ি ফিরে যান। পরদিন সকালে সোনাডাঙ্গা থানা পুলিশ চাবি নিয়ে রেস্টুরেন্ট খুলে দেয় এবং কর্মীদের কাজে ফেরার আহ্বান জানায়। কিন্তু চালু হওয়ার কয়েক ঘণ্টা পরই মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা রেস্টুরেন্টে গুলি ছুড়ে দ্রুত সরে পড়ে। এতে কাচ ভেদ করে গুলি বেরিয়ে গেলেও সৌভাগ্যবশত কেউ হতাহত হননি।

আশিকুর রহমান আরও দাবি করেন, ব্যবসা শুরুর পর থেকেই ‘বি’ কোম্পানির পরিচয়ে নিয়মিত চাঁদার জন্য চাপ দেওয়া হচ্ছে। এ কারণে গত এক মাসে প্রায় ১৫ দিন তাঁর রেস্টুরেন্ট বন্ধ রাখতে হয়েছে। গুলির ঘটনার পরপরই মুঠোফোনে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তিনি, যা নিয়ে মালিক ও কর্মচারীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার জানান, বিকেলে রেস্টুরেন্টে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে এবং রেস্টুরেন্টের আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, চাঁদার দাবিতে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে লবণচরা থানার মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী মো. টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলিটি ঘরের ভেতরে না ঢুকলেও জানালার কাচ ভেঙে যায়; তবে কেউ আহত হননি। টুটুল এ বিষয়ে মন্তব্য করতে রাজি না হলেও তাঁর এক স্বজন জানান, কয়েক দিন আগে হোয়াটসঅ্যাপে ‘নূর আজীম বাহিনী’র ছবি পাঠিয়ে চাঁদা দাবি করা হয়েছিল, যা আমলে নেওয়া হয়নি। লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন জানান, আশপাশে সিসিটিভি ক্যামেরা না থাকা ও প্রত্যক্ষদর্শী না পাওয়ায় হামলাকারীদের সংখ্যা ও পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি, তবে অভিযান শুরু হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে সদর থানার ২২ নম্বর ওয়ার্ডের বেলায়েত হোসেন সড়কে মাছ ব্যবসায়ী মোস্তফাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ওঠে, যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অক্ষত থাকেন। সদর থানার ওসি লোকমান হোসেন জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ নভেম্বর রাতে আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় যৌথ বাহিনীর মহড়ার মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই আহত হন এবং সে সময় ছোড়া অপর গুলিতে ভ্যানচালক খালেকও গুলিবিদ্ধ হয়েছিলেন।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে যশোর প্রশাসনকে ৪০০ কম্বল দিল আশা

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে বাগেরহাটের কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা সম্পন্ন

প্রশাসকশূন্য ধানখালী ইউপি : জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সেবা নিয়ে বিপাকে স্থানীয়রা

ঝিনাইদহ টিটিসির প্রশিক্ষণে বদলে যাচ্ছে কর্মপ্রত্যাশীদের ভাগ্য

হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার পর শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাতা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চৌগাছা সীমান্তে যুবদলের সমাবেশ ও মিছিল

যশোরে মেয়াদোত্তীর্ণ ও ভুয়া বিদেশি ওষুধ রাখার দায়ে জামান মেডিসিন কর্ণারকে জরিমানা

আবারও কোটচাঁদপুর জামায়াতের আমীর আজিজুর রহমান মাস্টার

মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *