টুঙ্গিপাড়ায় ফের বিএনপি নেতাদের বাড়ি ও কার্যালয়ে অগ্নিসংযোগ : এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম

টুঙ্গিপাড়ায় ফের বিএনপি নেতাদের বাড়ি ও কার্যালয়ে অগ্নিসংযোগ : এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম

স্ফুলিঙ্গ ডেক্স :

তারিখ: ১৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার তীব্র অবনতি ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের দিনভর তাণ্ডব, দলীয় কার্যালয় ভাঙচুর এবং একের পর এক বিএনপি নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর রেশ কাটতে না কাটতেই পুলিশের ওপর হামলা মামলার বাদী এক উপপরিদর্শককে (এসআই) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আকস্মিক এসব সহিংস ঘটনায় পুরো টুঙ্গিপাড়া জুড়ে চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকাল থেকে টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া, ডুমুরিয়া, পাটগাতী বাজার ও পাটগাতী স্ট্যান্ড এলাকায় লাঠিসোঁটা নিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় পাটগাতী এলাকায় মহাসড়কে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুপুরের পর থেকে পর্যায়ক্রমে পাটগাতী বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়, পৌর বিএনপি ও যুবদলের দলীয় অফিসে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়ি, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার বাসভবন, সাধারণ সম্পাদক ডা. জাফরের চেম্বার এবং স্থানীয় একাধিক নেতাকর্মীর গোডাউন ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় দুর্বৃত্তরা। সহিংসতা শেষে তারা শেখ মুজিবুর রহমানের সমাধিতে গিয়ে বিশেষ শপথ নেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে সহিংসতার এই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী মোড় এলাকায় টুঙ্গিপাড়া থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীর ওপর অতর্কিত হামলা চালানো হয়। দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাৎক্ষণিকভাবে কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা পরিষ্কার না হলেও ধারণা করা হচ্ছে, পূর্বের একটি মামলার কারণে এই ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় পুলিশের সরকারি গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দুই হাজার ২৪৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন এই এসআই মোসলেম আলীই। ওই মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যুক্ত থাকার কথা উল্লেখ করা হয়েছিল।

পরপর ঘটে যাওয়া এসব সহিংসতা, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্য মোতায়েন করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *