স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৪ নভেম্বর ২০২৬
যশোরে সাম্প্রতিক সময়ে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। নাশকতা প্রতিরোধ, সন্ত্রাসী ও অপরাধীদের শনাক্ত এবং কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে দিন-রাত মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে চলছে তল্লাশি, চেকপোস্ট স্থাপন ও বিশেষ অভিযান।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ আদালতের ফটকের সামনে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পেছনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
বিজ্ঞাপন
মামলার পর রাতভর অভিযান চালিয়ে নয়জনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মনিরুজ্জামান লাবলু, লাভলু, কাজী বাকেরুল ইসলাম ইরান, আরমান হোসেন রিজভী, ডালিম হোসেন, আব্দুল আলিম গাজী, শরিফুল ইসলাম, সানোয়ার হোসেনসহ নয়জন।
এদিকে, নাশকতা প্রতিরোধ ও অপরাধ নিয়ন্ত্রণে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৫৪টি চেকপোস্ট বসিয়ে ১ হাজার ৯১২টি যানবাহনে তল্লাশি চালানো হয়। অভিযানে ৩২টি মোটরসাইকেল জব্দ, ২১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা, দুজনকে গ্রেপ্তার এবং ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার রাত ৯টার দিকে যশোর শহরের মণিহার এলাকায় প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম। তিনি জানান, নাশকতা ও অরাজকতা প্রতিরোধে যশোর জেলা পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে। আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে নয়জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। যশোরের শান্তিশৃঙ্খলা নষ্ট ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে তাঁরা এসব কর্মকাণ্ডে জড়িত বলে পুলিশের ধারণা। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে অভিযান চলছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার ওসি কবির হোসেন, ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মাহফুজুর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন সদস্যসহ ছয়জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে পুরোনো মামলার আসামি দুজন, পাসপোর্ট আইনের মামলার আসামি একজন, মানব পাচার আইনের মামলার আসামি দুজন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একজন রয়েছেন।
বেনাপোল পোর্ট থানার ওসি তিতুমীর খান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে। এছাড়া যশোরের ডিবি পুলিশ ঝিকরগাছা থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে শুক্রবার রাতে ঝিকরগাছা এলাকা থেকে আটক করেছেন।
এদিকে, যশোর শহরে ককটেল বিস্ফোরণ এবং চুড়ামনকাটিতে বিএনপি নেতার বাড়িতে বোমা রাখার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুড়ামনকাটি ইউনিয়ন যুবদল।
শুক্রবার বিকেলে চুড়ামনকাটি বাজারে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন। মিছিল শেষে বাজারের যাত্রী ছাউনির সামনে অনুষ্ঠিত সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য দেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ফাইল ছবি সংগৃহীত।
