কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
তারিখ: ১২ নভেম্বর ২০২৬
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দিনব্যাপী পৃথক বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক তদন্তপ্রাপ্ত আসামি ও দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একটি বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর আওতায় দায়েরকৃত মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. মিন্টুকে (৪০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিন্টু উপজেলার ফুলবাড়ী গ্রামের আব্দুল মোবারেকের ছেলে এবং স্থানীয় বলুহর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আ.লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।
বিজ্ঞাপন
এ ছাড়া পুলিশের অপর একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা জিআর-১০৭/২৬ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সৌরভ সরকার ওরফে রোমিও (২৮) এবং সিআর-৪৩৫/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. জালাল উদ্দিনকে তাঁদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে। সৌরভ সলেমানপুর পালপাড়া গ্রামের রমেন্দ্রনাথ সরকারের ছেলে এবং জালাল উদ্দিন রুদ্রপুর স্কুলপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
অন্যদিকে, কোটচাঁদপুর থানার জিআর-৬৫/২০ মামলায় আদালতের রায়ে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাসির মণ্ডলকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তিনি উপজেলার গাবতলাপাড়া গ্রামের মো. আনসার আলীর ছেলে।
গ্রেপ্তারকৃত চার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আজই তাঁদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।
