স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১২ নভেম্বর ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোর জেলা এনসিপি। এই ন্যাক্কারজনক নাশকতার প্রতিবাদে আজ বিকেলে যশোর শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে শহরের প্রাণকেন্দ্র দড়াটানার ভৈরব চত্বর থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভৈরব চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিজ্ঞাপন
জেলা এনসিপির প্রচার সম্পাদক ফাহিম আল ফাত্তাহ্-এর পরিচালনায় আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন যশোর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান এবং সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ।
সমাবেশের শুরুতেই জেলা আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, “একজন নির্বাচিত জনপ্রতিনিধির বাড়িতে এই ধরনের কাপুরুষোচিত হামলা ও অগ্নিসংযোগ কোনোভাবেই সহ্য করা হবে না। রাজনৈতিক আদর্শের লড়াই রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে; কিন্তু যারা ধ্বংসাত্মক পথ বেছে নেয়, তারা দেশ ও জাতির শত্রু। আমরা অবিলম্বে এই ঘটনার পেছনে থাকা মদদদাতাদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
জেলা সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “মতপার্থক্য কিংবা ভিন্ন মত থাকতেই পারে, তাই বলে কারও বসতবাড়িতে আগুন দিয়ে ভীতি সৃষ্টি করার অপসংস্কৃতি বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। প্রশাসনকে পরিষ্কার ভাষায় বলতে চাই, দ্রুত এই ঘটনার হোতাদের গ্রেপ্তার করুন, অন্যথায় সাধারণ জনগণ ও ছাত্র-জনতা বসে থাকবে না।”
উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফ জামান, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা, যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান বাবু, ইউসুফ আলী ও আলী সোহেব, যুগ্ম সদস্য সচিব সাজিদ সারোয়ার ও মারুফ হাসান সুকর্ণ, সহসাংগঠনিক সম্পাদক বিএম আকাশ, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সাদিয়া এবং সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুক্তা ইসলাম।
এছাড়াও সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন জাতীয় যুবশক্তি যশোর জেলার আহ্বায়ক ইমদাদ হোসেন, জেলা সংগঠক তাসকিন আহমেদ রিয়াজ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক খান মিফতাহুল অমিতসহ এনসিপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। ছবি সংগৃহীত।
