স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৯ নভেম্বর ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর-এর পৃথক দুটি বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনায় জড়িত দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা এবং অপরজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ১১টা থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন কচুয়া ইউনিয়নের ঘোপ উত্তরপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অধিদপ্তরের একটি দল আসামী মোঃ বাবলু হোসেন (৩৫)-এর দক্ষিণ দুয়ারী দোতলা বিল্ডিংয়ের ০৩ (তিন) কক্ষ বিশিষ্ট দ্বিতীয় তলার মাঝের একক দখলীয় ও ব্যবহারাধীন কক্ষে তল্লাশি চালায়। অভিযানে সেখান থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় আটককৃত আসামী মোঃ বাবলু হোসেন কচুয়া ইউনিয়নের ঘোপ উত্তরপাড়া গ্রামের মোঃ আলতাফ বিশ্বাস ও মোছাঃ নুরনাহার বেগমের ছেলে । এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) জনাব শাহরিয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
দ্বিতীয় অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের সাজা:
অপরদিকে, একই দিন (৯ নভেম্বর ২০২৬) দুপুর আড়াইটার দিকে যশোর শহরের কোতোয়ালী থানাধীন কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় অপর একটি অভিযান পরিচালিত হয়। উক্ত স্থান থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ সুজন শেখ (২৬) নামের আরেক যুবককে আটক করা হয়। তিনি কাজীপাড়া কাঁঠালতলা এলাকার মোঃ বাবু শেখ ও মোছাঃ নাজমা খাতুনের ছেলে।
ঘটনাস্থলে পরিচালিত আইনি প্রক্রিয়ায় উপ-পরিদর্শক (এসআই) জনাব মোছাঃ রাফিজা খাতুনের প্রসিকিউশনে যশোর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তাওমীদ হাসান তাৎক্ষণিকভাবে আসামীকে ২০০/- টাকা অর্থদণ্ড এবং ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে প্রেরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে যশোরের বিভিন্ন প্রান্তে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।
