কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
তারিখ: ৭ নভেম্বর ২০২৬
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক অভিযানে যুবলীগ নেতাসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একাধিক বিশেষ দল পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন পৌর যুবলীগের ওয়ার্ড সভাপতি এবং অপর তিনজন নিয়মিত একটি ফৌজদারি মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে সাজ্জাদ হোসেন (৩৮) কোটচাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদে দায়িত্বরত। তিনি উপজেলার বড়বামনদহ গ্রামের তোরাব আলীর ছেলে। কোটচাঁদপুর থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারার মামলা নং-১৬ (তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-১১৮/২৬)-এর তদন্তে সরাসরি সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
অন্যদিকে, গত ৬ নভেম্বর কোটচাঁদপুর মডেল থানায় দায়েরকৃত নিয়মিত মামলা নং-০৪-এর এজাহারনামীয় অপর তিন আসামীকেও একই অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন—উপজেলার গোবিন্দপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে শাকিল (২৫), রহমতপুর গ্রামের ফকির মণ্ডলের ছেলে তেলা জালাল (৫০) এবং একই গ্রামের জালালের ছেলে শান্তি (২৮)।
পুলিশ জানায়, উক্ত মামলাটি দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৪৪৭, ৩৭৯, ৩২৩, ৪২৭, ৩০৭, ১১৪ ও ৫০৬ ধারায় দাঙ্গাহাঙ্গামা, বেআইনি অনুপ্রবেশ, চুরি, আঘাত ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা হয়েছিল। সেই মামলার এজাহারভুক্ত আসামী হিসেবেই তাদের গ্রেফতার করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে থানার বিশেষ টিমের অভিযানে পৃথক দুটি মামলায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।
